পঞ্চগড়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
‘করবো সমবায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক শোভাযাত্রা, আলোচনা সভা ও সমবায় মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি তাঁর বক্তব্যে সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সকলকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার দিকে গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে দিনব্যাপী সমবায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম এবং জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামালসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে