প্রণোদনার দায় নিয়ে রাষ্ট্র যেন নিজের ভবিষ্যৎ বন্ধক না রাখে
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সাময়িক প্রণোদনা কিংবা জনপ্রিয় সিদ্ধান্তের পরিবর্তে শিক্ষা, চাকরি, অর্থনীতি ও রাজনীতিতে যোগ্যতা, দক্ষতা, উৎপাদনশীলতা ও আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফারূক মাহমূদ। তাঁর মতে, নাগরিকদের সাময়িক সুবিধাভোগী করে তোলার পরিবর্তে সক্ষম করে গড়ে তোলাই রাষ্ট্রের মূল দায়িত্ব। অন্যথায় স্বল্পমেয়াদি জনপ্রিয় সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে।
রাষ্ট্রের প্রতিটি সস্তা জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে কখনো কখনো লুকিয়ে থাকে দীর্ঘমেয়াদি বিপর্যয়ের বীজ।
শিক্ষা ব্যবস্থায় তাকালে দেখা যায়, বিগত দেড় দশক ধরে উদার মূল্যায়নের নামে অযোগ্য শিক্ষার্থীকে উত্তীর্ণ করা শিক্ষাব্যবস্থার মেধাভিত্তিকে দুর্বল করেছে; ক্ষুণ্ন করেছে বিশ্ববিদ্যালয়ের মান।
অথচ শিক্ষাব্যবস্থা নিয়ে যারা এই ধরনের কারিশমা করেছিল, দিন শেষে দেখা গেছে তারাই এই সমস্ত শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অন্যদিকে যাচাই-বাছাই ছাড়াই গণহারে বেতন বৃদ্ধি সরকারি প্রশাসনে দক্ষতা ও সততার নিশ্চয়তা দিতে পারেনি। বরং জবাবদিহিতা না থাকাই সুবিধাভোগের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
এইসব সুবিধাভোগী চাকরিজীবীদের জন্য এক সময় যারা বেতন দ্বিগুণ করেছিল; আজ সেইসব সরকারি কর্মচারীরা বেতন দ্বিগুণ করা পলাতক সরকার এবং রাজনীতিকের বিরুদ্ধে কাজ করছে। আগামীতেও এরা ক্ষমতার ছাতার নিচে থেকে একই কাজ হালনাগাদের সরকারের বিরুদ্ধেও অব্যাহত রাখবে।
একইভাবে নানা নামে কার্ডনির্ভর সহায়তা সাময়িক স্বস্তি দিলেও উৎপাদনশীলতা ও আত্মনির্ভরতার বিকল্প কিছু গড়ে না ওঠায় টেকসই উন্নয়ন নিশ্চিত হয়নি।
এতে করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন না হওয়ায় বিশেষ পরিস্থিতিতে এইসব সুবিধাবঞ্চিত জনগণ এখনকার রাজনৈতিক এবং সরকারি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।
আমাদেরকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে, রাষ্ট্রের দায় মানুষের হাতে কেবল সুবিধা তুলে দেওয়া নয়। মানুষের সক্ষমতার ভিত্তি নির্মাণ করাই রাষ্ট্রের মূল কাজ।
এজন্য আমরা শিক্ষা চাই যোগ্যতার ভিত্তিতে, চাকরি চাই কর্মদক্ষতার ভিত্তিতে, অর্থনীতি চাই উৎপাদনের ভিত্তিতে আর রাজনীতি চাই আত্মমর্যাদার ভিত্তিতে।
কারণ যে রাষ্ট্র নাগরিককে সাময়িক সুবিধাভোগী বানায়, সে রাষ্ট্র ভবিষ্যৎ নির্মাণ করে না। আর যে রাষ্ট্র নাগরিককে সক্ষম করে গড়ে তোলে তার কাছে প্রণোদনা নয়, উৎপাদনই হয়ে ওঠে সমৃদ্ধির দর্শন।
১৩৩ বার পড়া হয়েছে