সর্বশেষ

সারাদেশ

গাজীপুরের শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা, উৎপাদন স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক হয়েছে কর্মপরিবেশ। সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির ঘোষণার পর আন্দোলন থেকে সরে এসে কাজে ফিরেছেন শ্রমিকেরা। এর ফলে শিল্পকারখানাগুলোতে আবারও পুরোদমে শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

গাজীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। সকাল থেকে কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে স্বাভাবিক নিয়মে উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।

শ্রমিকেরা জানান, সরকার গঠিত মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশ এবং তা বাস্তবায়নের আশ্বাসে তাঁরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন শ্রমিকেরা। মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির ঘোষণার পর তাঁদের মধ্যে কাজে ফেরার আগ্রহ বেড়েছে। এতে শিল্পকারখানাগুলোতে দীর্ঘদিনের উত্তেজনা কাটিয়ে উৎপাদন স্বাভাবিক হয়েছে।

প্যারাগন সোয়েটারের নারী শ্রমিক রিনা আক্তার কালবেলাকে বলেন, ‘কয়েক দিনের অস্থিরতার পর আমরা আবারও কাজে যোগ দিয়েছি। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে চাই।’

মস্কো গ্রুপের মেশিন অপারেটর সুমন মিয়া বলেন, ‘আমরা চাই কারখানাগুলো স্বাভাবিকভাবে চলুক। আন্দোলন-সংঘর্ষ হলে শ্রমিকদেরই বেশি ক্ষতি হয়। মজুরি বৃদ্ধির বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন হলে আমরা উপকৃত হব।’

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা নিয়মিত কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. সোহেল রানা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ মোট ২১ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা মহাসড়কসহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কারখানার উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে অক্টোবরের শেষ দিকে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানায় নতুন করে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ৩১ অক্টোবর শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তখন অনেকগুলো কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল। মজুরি বৃদ্ধির বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির পর পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিক ধারায় ফিরেছে গাজীপুরের শিল্পকারখানাগুলো।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০