জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট শহরের সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার সন্ধ্যার এই অভিযানে তারেক হোসেন তন্ময় নামে ওই ব্যক্তির কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌর এলাকার সরদার পাড়ার একটি বসতবাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি-৫-এর একটি চৌকস দল। অভিযানে ৭ হাজার ৫৭ ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৯ বোতল ফেয়ারডিল এবং ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের পাশাপাশি ঘটনাস্থল থেকে মাদক কারবারে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ এবং ৩টি মোবাইল ফোন জব্দ করেন ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেপ্তারকৃত তারেক হোসেন তন্ময় (৩৩) জয়পুরহাট সদর উপজেলার দরগাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বলে জানা গেছে।
রবিবার দুপুরে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। আটক আসামিকে উদ্ধারকৃত সব আলামতসহ জয়পুরহাট সদর থানায় হস্তান্তরপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে