সমবায় খাতে আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় খাতের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান আইনি জটিলতা সমবায় আন্দোলনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি প্রচলিত আইন পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
এনজিও ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য সমবায় কাঠামোয় আমূল পরিবর্তনের পাশাপাশি প্রচলিত আইন পর্যালোচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি বলেন, ছোটবেলায় নিজের শহরে সমবায়ের সমৃদ্ধ ও প্রাণবন্ত কার্যক্রম দেখেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সেই কার্যক্রমের জৌলুশ হারিয়ে গেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ‘স্বনির্ভর বাংলাদেশ’ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত সমবায়ের ঐতিহ্য
রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে সমবায়ের ঐতিহ্য নষ্ট হয়েছে। হাতে গোনা কয়েকটি গ্রামে সমবায় কার্যক্রম সফলতা পেলেও সামগ্রিকভাবে তা বিস্তার লাভ করতে পারেনি।
তিনি বলেন, বিদ্যমান আইনি জটিলতার কারণে সমবায় আন্দোলন প্রত্যাশিত গতি পাচ্ছে না। তাই সমবায় খাতকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচলিত আইন পর্যালোচনা করতে হবে।
মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানগুলোর উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এসব প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাতকরণে আরও আধুনিক ও অভিনব কৌশল গ্রহণ করতে হবে।
জাতীয় ঐক্যের আহ্বান
বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ পথ র্যালিতে অংশ নিয়েছেন এবং জাতির সামনে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন। এসব বক্তব্যের বিষয়বস্তু ধারণ করে সবাই এগিয়ে যেতে পারলে প্রতিবন্ধকতা পেরিয়ে সফলতার পথে এগোনো সম্ভব হবে।
দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সংকটের পাশাপাশি বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব সংকট মোকাবিলা এবং দেশকে পিছিয়ে দেওয়ার সব ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করতে দল-মতনির্বিশেষে সবাইকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
১২৮ বার পড়া হয়েছে