সর্বশেষ

সারাদেশ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ আসছে আজ

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুপুর ২টার দিকে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বজনেরা।

নিহত দুই প্রবাসী হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামীম হোসেন এবং খাজুরা গ্রামের সাব্বির হোসেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের মরদেহ দেশে ফেরার খবরে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের মানফুহা বা মুসা সানিয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন ছিলেন।

নাটোরের নিহত তিন প্রবাসী হলেন—নলডাঙ্গা উপজেলার শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় গ্রামের মো. জাকের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়। এরই মধ্যে রবিউল আউয়াল হৃদয়ের মরদেহ দেশে এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

অগ্নিকাণ্ডের পর প্রথম দফায় গত ২৭ আগস্ট নিহত নয়জনের মরদেহ দেশে আনা হয়। পরবর্তী সময়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া বাকি সাতজনের মরদেহ শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় ও খাজুরা গ্রামের দুই প্রবাসীর মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বজনেরা জানিয়েছেন, দুপুর ২টার দিকে মরদেহ দুটি গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে।

এদিকে নিহত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, পরিবহন ও দাফনসহ সংশ্লিষ্ট ব্যয় নির্বাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসীদের মৃত্যুতে পরিবারগুলোতে নেমে এসেছে গভীর শোক। দীর্ঘদিন ধরে প্রিয়জনের অপেক্ষায় থাকা স্বজনদের মধ্যে চাপা কান্না আর নীরবতা বিরাজ করছে। এখন তাঁদের অপেক্ষা শুধু শেষবারের মতো প্রিয়জনের মরদেহ দেখার।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০