হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় তাঁর মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন হোসেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার ৩৪ আসামির মধ্যে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন। ১০ জন জামিনে আছেন। বাকি ২০ জন পলাতক।
পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামিদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে গত ৮ অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে সেদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের শুনানি থাকায় কারা কর্তৃপক্ষ তাঁদের হাজির করতে পারেনি। পরে আদালত শুনানির জন্য ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
১১০ বার পড়া হয়েছে