সর্বশেষ

আন্তর্জাতিক

মক্কা-মদিনায় হুতিদের হামলার নিন্দা ওআইসির

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র নগরী মক্কা ও মদিনায় হুতিদের হামলার নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সঙ্গে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে ৫৭ মুসলিম দেশের এই জোট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানায় ওআইসি।

বিবৃতিতে বলা হয়, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা ইসলামী মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

ওআইসি বলেছে, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হুতিদের চালানো এসব হামলার উদ্দেশ্য বেসামরিক মানুষকে ভয় দেখানো, পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক রীতি ও আইনের পরিপন্থী। এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওআইসি।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের পবিত্র নগরী মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, ড্রোনটি মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

আল-মালিকির ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। পরে সেটি ধ্বংস করা হলে এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে পড়ে।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলেও জানান জোটের মুখপাত্র।

তুর্কি আল-মালিকি বলেন, দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি ‘পূর্ণ সংহতি’ জানিয়ে ওআইসি বলেছে, পবিত্র স্থান, বেসামরিক নাগরিক এবং সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সরকার যে পদক্ষেপ নিচ্ছে, সংস্থাটি তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০