লস অ্যাঞ্জেলেসে নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় শহরের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। মঙ্গলবার শহরের শহরতলির চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মারাত্মক বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল হেলিকপ্টারটি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র জানান, লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মাঝের একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস এক আবেগঘন সরাসরি সম্প্রচারে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এটি যে একটি নিউজ হেলিকপ্টার, তা তারা জানতেন এবং হেলিকপ্টারে থাকা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে তারা দুর্ঘটনার বিষয়ে দুঃসংবাদ পান।
মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ও শহরের মেয়র ক্যারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামও নিহতদের পরিবার এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। দুর্ঘটনার কারণ ও অন্যান্য পরিস্থিতি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার দিনের শুরুতে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সিটি বাসের সঙ্গে একটি এসইউভির সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হন বলে বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ জানিয়েছে।
১১০ বার পড়া হয়েছে