জুলাই অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় মঙ্গলবার
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষস্থানীয় সাত নেতার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার রায়ের এই দিন ধার্য করেছেন।
বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের রায়ের দিন ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে। অন্যদিকে, ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী হাসান ইমাম ও ইসরাত জাহান অনি তাঁদের মক্কেলদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন। এর আগে গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন।
এই মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ থাকা এই সাত আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে