সর্বশেষ

আইন-আদালত

তাহসিফের মৃত্যু: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাহসিফের কথিত বান্ধবী দিশাকেও গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মামলায় দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মো. হাসিব উল্লাহ পিয়াস দীপকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক কিছু প্রমাণ পাওয়া গেছে। রিমান্ডে তাঁকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের ভাষ্য, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে ছিলেন তাহসিফ। দীপ তাঁকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। পরে দীপ একাই সেখান থেকে ফিরে আসেন।

আদালতে উপস্থাপন করা পুলিশের ফরোয়ার্ডিং আবেদনেও দীপের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের সই করা ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে দীপের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে আটক রাখা প্রয়োজন। মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এ সময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে দীপ দাবি করেছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার পর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাঁদের আলাদা হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মাদক বিক্রির স্থান হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টি দীপ স্বীকার করেছেন। পরে পিবিআই কর্মকর্তারা তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করলে দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্তে এখন তাঁর ভূমিকা ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০