সর্বশেষ

আইন-আদালত

তাহসিফ হত্যা: জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও মামলার আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জেরিকাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে পাওয়া তথ্য-প্রযুক্তিগত উপাত্ত এবং উত্তরার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জেরিকা তাসনিম দিশার সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ডিপি ফাইভ স্টার স্ন্যাকস এবং রাতে উত্তরার নেষ্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে নিহত কে এম তাহসিফ সাউরির সঙ্গে তাকে দেখা গেছে।

এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজের সিসিটিভি ফুটেজেও তাদের একসঙ্গে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপ নামে এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন কে এম তাহসিফ সাউরি। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তার মা বারবার ফোনে যোগাযোগ করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন বলে জানান।

পরে রাত ১টা ৩৫ মিনিটে তার ফোন থেকে মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা আসে। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি’। তবে রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি বাসায় ফেরেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান থেকে নৌ-পুলিশ ফোন করে পরিবারকে জানায়, রাজারবাড়ি ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ-পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় তাহসিফ সাউরির বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় হত্যা মামলা করেন।

এদিকে একই মামলায় এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আদালত তারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০