সর্বশেষ

আন্তর্জাতিক

নভেম্বরের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চলমান সংঘাত আগামী নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, নির্বাচনের পর ইরান আর দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান নিয়ে নতুন করে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রিপাবলিকান পার্টির একটি সম্মেলনে যোগ দিতে টেক্সাসে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আগামী নভেম্বরের আগে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না।

নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাম্পের ভাষ্য, নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ, তারা আর বেশিদিন টিকে থাকতে পারবে না।’

এর আগে ইরানে হামলার ১০ দিনের মাথায় যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। প্রায় দুই মাস পরও তিনি সংঘাতের দ্রুত অবসানের আশা প্রকাশ করেছিলেন। তবে ছয় মাসের বেশি সময় ধরে চলা অস্থিরতার মধ্যে এবার তিনি নভেম্বরের নির্বাচনকে সম্ভাব্য একটি সময়সীমা হিসেবে তুলে ধরলেন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন দেশটির কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার জন্য নিজ দলের ভেতর থেকেও তাঁর ওপর চাপ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বুধবার তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছায়, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। ট্রাম্পের ধারণা, নির্বাচনের পর যুদ্ধের অবসান হলে তেলের দাম আবার দ্রুত কমতে শুরু করবে।

ট্রাম্প আরও অভিযোগ করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর দাবি, তেহরান এমন একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনতে চায়, যারা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখার সুযোগ দেবে। তাঁর এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদের ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে ইরানের হস্তক্ষেপের অভিযোগের পক্ষে ট্রাম্প কোনো প্রমাণ দেননি।

অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে।

টেক্সাসের সম্মেলনেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে বিজয়ের মাধ্যমে শেষ করার কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জয় এলেই তেলের দাম দ্রুত কমে যাবে। ভাষণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জ্বালানি মূল্য নিয়ে অসন্তোষের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, অনেকেই তাঁকে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা উচিত হয়নি, কারণ এর কারণে পেট্রলের দাম বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের বাজারে সীমাবদ্ধ নেই। বৈশ্বিক সরবরাহব্যবস্থাতেও এর প্রভাব পড়ছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহ ও পরিবহন ব্যাহত হওয়ার কারণে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত তা স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি। বর্তমানে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এর পাশাপাশি সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে লোহিত সাগরেও। যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব এবং ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের সংশ্লিষ্টতার কারণে ওই অঞ্চলেও উত্তেজনা বেড়েছে। লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক জ্বালানি ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় সেখানে অস্থিরতা বিশ্ববাজারের জন্যও উদ্বেগ তৈরি করছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন