ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৫; নিখোঁজ ৮৭
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের পর্যটনকেন্দ্র করোনের কাছে একটি ফেরিতে ভয়াবহ আগুনে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। আগুন লাগার পর ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র করোনের কাছে এম/ভি জুন অ্যাস্টার নামের একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে থাকা ফেরিটিতে আগুন লাগে।
আগুন লাগার পর ফেরিটি পুড়ে যাওয়ার দৃশ্যের ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, জাহাজটির যাত্রী ও ক্রু তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য রয়েছেন। তবে ৮৭ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, এম/ভি জুন অ্যাস্টার ফেরিটি ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য নিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে করোনের উদ্দেশে রওনা হয়েছিল।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউই বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। ফলে আগুন লাগার কারণ এবং আগুন লাগার সময় যাত্রীরা ফেরিটির কোন অংশে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া কঠিন হচ্ছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তও চলছে।
১০৭ বার পড়া হয়েছে