সর্বশেষ

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা বহু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে আকস্মিক এ দুর্ঘটনার পর ভবনের ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আটকে পড়াদের জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য জরুরি সেবা সংস্থা অভিযান চালাচ্ছে।

রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় ভবনটি ধসে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি অতিথিদের আবাসন হিসেবে ব্যবহৃত হতো।

ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবা সংস্থা। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার তৎপরতায় ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে এখন পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো সংখ্যা জানায়নি দিল্লি পুলিশ।

এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানিয়েছেন, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে রোববার হওয়ায় তাঁদের অনেকেই তখন নিজেদের বাসায় ছিলেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি কয়েকজনের সাহায্যের আকুতি শুনেছেন। এ ঘটনায় আটকে পড়াদের দ্রুত উদ্ধারে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকর্মীদের সঙ্গে কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনের আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। একটি ভিডিওতে কংক্রিটের স্ল্যাবের নিচে একজনকে আটকা পড়তে দেখা যায়। তাঁকে উদ্ধারে কয়েকজনকে একসঙ্গে স্ল্যাবটি সরানোর চেষ্টা করতে দেখা গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা। সাংবাদিকদের তিনি জানান, ভবনের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এতে আরও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে শিক্ষার্থীদের আবাসন ও বিভিন্ন ধরনের বাসস্থান রয়েছে। ভবন ধসের পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন।

উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়েছেন বা হতাহতের সংখ্যা কত—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন