বাহামাসে বিমান বিধ্বস্ত, নিহত ১০; ফ্ল্যামিঙ্গো এয়ারের সব ফ্লাইট সাময়িক বন্ধ
শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাহামাসের রাজধানী নাসাউ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দেশজুড়ে শোক নেমে এসেছে। একই দিনে আরেকটি নিরাপত্তা ঘটনার পর ফ্ল্যামিঙ্গো এয়ারের বিমান পরিচালনা সনদ সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।
বাহামাসে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যানড্রয়ের জলভাগে এ দুর্ঘটনা ঘটে।
বাহামিয়ান বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি বাহামাসে নিবন্ধিত একটি সেসনা ৪০২ মডেলের বিমান। এটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যানড্রসের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালিয়ে প্রথমে একজনকে জীবিত উদ্ধার করা হলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এক সংবাদ সম্মেলনে বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস বলেন, দেশের ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনের দিনটি এই দুর্ঘটনার কারণে গভীর শোকে পরিণত হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিকে একই দিনে ফ্ল্যামিঙ্গো এয়ারের আরেকটি বিমানে আলাদা একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। মায়াগুয়ানাগামী ওই বিমানের পাইলট মাঝ আকাশে কারিগরি সমস্যার আভাস পেয়ে দ্রুত নাসাউতে ফিরে আসেন। বিমানটি নিরাপদে অবতরণ করার পর যাত্রীরা নেমে গেলে সেটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরপর দুটি গুরুতর ঘটনার পর বাহামাস সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্ল্যামিঙ্গো এয়ারের বিমান পরিচালনা সনদ (লাইসেন্স) সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির জ্বালানি, পরিষেবা ও বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এয়ারলাইনসটির সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে পৃথক তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
১২০ বার পড়া হয়েছে