সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
বুধবার, ২৭ মে, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পালন করছেন লাখো মুসল্লি।
পবিত্র হজের অন্যতম প্রধান রুকন ‘উকুফে আরাফা’ সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৬ মে) জিলহজ মাসের ৯ তারিখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ১৬ লাখ হাজি সৌদি আরবের আরাফাত ময়দানে একত্রিত হন। সাদা ইহরামে সজ্জিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।
ইসলামী বিধান অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া-ইস্তিগফারে সময় অতিবাহিত করেন। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় অনেকে আবেগঘন প্রার্থনায় অংশ নেন।
দুপুরে ঐতিহাসিক নামিরা মসজিদ থেকে হজের খুতবা প্রদান করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আলি আল হুদাইফি। বিশ্বের বিভিন্ন ভাষার পাশাপাশি এবার বাংলাতেও খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, মানবতা ও বিশ্বশান্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
খুতবা শেষে হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করে মুজদালিফার উদ্দেশে রওনা হন। সেখানে রাতযাপনের পাশাপাশি মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য কঙ্কর সংগ্রহ করেন তারা।
আজ ১০ জিলহজ মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয়েছে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে হাজিরা পশু কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে ইহরাম ত্যাগ করবেন। এরপর কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় পার করছেন।
হজযাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তীব্র গরম মোকাবিলায় হাজিদের জন্য ছায়া, বিশুদ্ধ পানি ও শীতলীকরণ ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিবহন সুবিধা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালু রাখা হয়েছে।
১৯৫ বার পড়া হয়েছে