ভুল সিদ্ধান্ত নিলে সংকটে পড়বে বিএনপি
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকলেও তার হাতে প্রকৃত ক্ষমতা নেই বলে তিনি মনে করেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণ যাকে ভোট দিয়েছে, তার পক্ষ থেকে অন্য কেউ কথা বললে তা গ্রহণযোগ্য হতে পারে না।
বুধবার (২০ মে) টাঙ্গাইল-এর উবিনীগ রিদয়পুর বিদ্যাঘরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, তারেক রহমানের উচিত তার মা খালেদা জিয়া-র কাছ থেকে আপোষহীনতা ও রাজনৈতিক বিচক্ষণতা শেখা। তিনি মন্তব্য করেন, তারেক রহমান বর্তমানে যাদের পরামর্শে চলছেন, তারা দেশের বাস্তব রাজনীতি ও সাধারণ মানুষের মনোভাব সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন না। বিশেষ করে বিদেশ থেকে আসা ঘনিষ্ঠ সহযোগীদের সমালোচনা করে তিনি বলেন, তারা বাংলাদেশের জনমানুষকে কীভাবে সংগঠিত করতে হয়, তা বোঝেন না।
তিনি আরও অভিযোগ করেন, মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের কাঁধে ভর করে ক্ষমতায় থাকার চিন্তা করে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।
এর আগে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিশেষ আলোচনা সভা, র্যালি ও লোকজ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরহাদ মজহার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদা আখতার। এছাড়া বক্তব্য দেন কৃষক রীনা বেগম, আমেনা বেগমসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।
দিনব্যাপী আয়োজনে কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও টাঙ্গাইল জেলার নয়াকৃষি আন্দোলনের কৃষকেরা অংশ নেন। মেলায় দেশীয় বীজ, জৈব কৃষিপণ্য, নিরাপদ ফসল, তাঁতশিল্প, মৃৎশিল্প এবং গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকেরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী লোকজ গান।
২২০ বার পড়া হয়েছে