কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ৪ মে, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এবার হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত চার মাসে জেলায় হামের উপসর্গে মোট ৯ শিশুর প্রাণহানি ঘটলো।
রোববার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. নাসরিন আক্তার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের বাসিন্দা রাব্বি আলীর ছেলে। গত ১ মে হামের উপসর্গ নিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে জেলায় হামের সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১,০২৪ জন শিশু ভর্তি হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪৭ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
১৫২ বার পড়া হয়েছে