৩৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, পলাতক সহযোগীর খোঁজে অভিযান
সোমবার, ৪ মে, ২০২৬ ৪:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পহরডাঙ্গা ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত রুচিয়া বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি বস্তা ও একটি ব্যাগ থেকে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে নড়াগাতী থানায় এর আগেও একাধিক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় রুচিয়া বেগমের সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর-০১, তারিখ ০৪/০৫/২০২৬।
১১৫ বার পড়া হয়েছে