আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর অবস্থানে সরকার, দেশব্যাপী চলছে বিশেষ অভিযান
সোমবার, ৪ মে, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনমনে স্বস্তি ফেরাতে সরকার কঠোর আইনানুগ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে গঠিত বর্তমান সরকার একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত “বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটি”-এর সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। এতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। নিয়োগ, বদলি, পদোন্নতি ও অবসর—সবই প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।
৫ আগস্ট ২০২৪-এর পর জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জামিন একটি আইনগত প্রক্রিয়া। তবে যেসব চিহ্নিত অপরাধী সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাদের ওপর পুলিশ কঠোর নজরদারি রাখছে।
তিনি আরও জানান, ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করছে। মাদক চক্র ও সীমান্তপথে চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়াই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানান তিনি।
পুলিশের নতুন ইউনিফর্ম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নতুন পোশাক চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোপলিটন ও জেলা পুলিশের শার্টের রঙ অপরিবর্তিত থাকলেও প্যান্টে ‘খাকি’ রঙ ব্যবহার করা হবে।
রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রায় ১২ থেকে ১৪ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
সাম্প্রতিক সংসদ অধিবেশনকে সফল আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর দেশের সংসদে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে প্রাণবন্ত ও কার্যকর আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য ইতিবাচক অগ্রগতি।
ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১২০ বার পড়া হয়েছে