দৌলতপুরে প্রেসক্লাব সভাপতির পরিবারের ওপর হামলা, আহত ১
সোমবার, ৪ মে, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এম. মামুন রেজার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও মামুন রেজা জানান, তার নাতি রাফিক আহমেদ (২৬) নিজস্ব করলা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার আব্দুর জব্বারের ছেলে রাজা ও প্রজা, এবং রাজার ছেলে সুমন ও প্রজার ছেলে নিশান তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে রফিককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামুন রেজা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের ওপর হামলার ঘটনা ঘটে আসছে। এর আগেও তিনি নিজেও হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৫৭ বার পড়া হয়েছে