দেওয়ানগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সোমবার, ৪ মে, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (০৪ মে) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম ছাইদুর রহমান (৪৫)। তিনি উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়াপাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে এবং স্থানীয় মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল দুপুরে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে কৌশলে নিজের ঘরের ভেতর নিয়ে যান শিক্ষক সাইদুর রহমান। সেখানে তাকে বিছানায় শুইয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। একপর্যায়ে বাতাসের ঝাপটায় ঘরের দরজা খুলে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘাবড়ে গিয়ে সটকে পড়ার চেষ্টা করেন। এই সুযোগে শিশুটি ঘর থেকে বেরিয়ে দৌড়ে বাড়ি চলে যায় এবং তার মাকে বিস্তারিত জানায়।
ঘটনার পর গত ৩ মে (রবিবার) ওই শিক্ষার্থীর বাবা আব্দুল খালেক বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
"শিক্ষার্থীর বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সোমবার সকালে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয় এবং দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
১৩৪ বার পড়া হয়েছে