সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ছাত্রদলে স্বামীর পদপ্রাপ্তিতে স্ত্রীর পোস্ট ঘিরে সমালোচনার ঝড়

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৪ মে, ২০২৬ ২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে জেলা ছাত্রদলের নতুন কমিটিতে ২ নম্বর সহ-সভাপতি পদে সজীব পাল জুম্মনের নাম ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তার স্ত্রীর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয় এবং নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকে।

গত ১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত নরসিংদী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ওই তালিকায় ২ নম্বর সহ-সভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

কমিটি ঘোষণার পরপরই তার স্ত্রী স্বামী-স্ত্রীর ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “প্রাণঢালা অভিনন্দন জামাই, নরসিংদী জেলা ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি।” পোস্টটি দ্রুত ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। একজন মন্তব্যে লেখেন, “খুশিতে সত্য বলে দিয়েছেন, ভাই সে সত্যবাদী বউ পেয়েছে, এটা ভাগ্যের ব্যাপার। এ রকম হাজার নেতা-কর্মী বিয়ে করে ২-৩টি করে সন্তান আছে, তারাও ছাত্রদল করে।”

এদিকে স্বামীর পদপ্রাপ্তিতে স্ত্রীর উচ্ছ্বাস প্রকাশের এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, এই ঘটনা অনিচ্ছাকৃতভাবে এমন একটি বাস্তবতা সামনে এনেছে, যা সংগঠনের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।

বিশেষ করে ‘ছাত্র’ রাজনীতির সংগঠনে বিবাহিত ব্যক্তির গুরুত্বপূর্ণ পদ পাওয়া নিয়ে নেতাকর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এই কমিটি প্রমাণ করে দীর্ঘদিন মাঠে থাকা ত্যাগী ও সক্রিয় কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। বরং প্রভাবশালী বা বিতর্কিত প্রেক্ষাপটের ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

অন্যদিকে, কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়। তাদের বক্তব্য, এই ফেসবুক পোস্টই প্রমাণ করে ঘোষিত কমিটিতে ত্যাগী কর্মীদের মূল্যায়ন হয়নি। পাশাপাশি অভিযোগ ওঠে, কমিটিতে বিবাহিত এবং আন্দোলন-সংগ্রামের সময় দেশের বাইরে (প্রবাসে) অবস্থান করা ব্যক্তিদেরও স্থান দেওয়া হয়েছে।

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনউদ্দিন ভূঁইয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় শীর্ষ নেতৃত্ব অতীতে ত্যাগী কর্মীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই কমিটিতে তার প্রতিফলন দেখা যায়নি। বরং আন্দোলনের অগ্রভাগে থাকা নেতাকর্মীদের উপেক্ষা করে বিতর্কিত ও অপ্রাসঙ্গিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সব মিলিয়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক এখন নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—দলীয় পদায়নে আদর্শ ও ত্যাগের মূল্যায়ন কতটা নিশ্চিত করা হচ্ছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন