হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার জেলার এক শিশুর মৃত্যু হলে এ নিয়ে বিভাগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনে। বিষয়টি মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।
মৃত শিশুটি মো. রবিউল হোসেন (১ বছর ৫ মাস)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার সন্তান। চিকিৎসাধীন অবস্থায় সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০৪ জন, যার মধ্যে সুনামগঞ্জে ৫৫, মৌলভীবাজারে ১৬, সিলেটে ২৬ এবং হবিগঞ্জে ৭ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত)।
এছাড়া গত একদিনে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৩ শিশু। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১৯২ জন শিশু সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে (৯৫ জন) এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে (৩৫ জন)। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত এলাকায় নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে