সর্বশেষ

রাজনীতি

বগুড়ায় প্রধানমন্ত্রীর দিনভর সফর: উন্নয়ন ঘোষণা ও রাজনৈতিক বক্তব্যে উত্তাপ

স্টাফ রিপোর্টার, বগুরা
স্টাফ রিপোর্টার, বগুরা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া: দিনভর ব্যস্ত কর্মসূচি ও একাধিক উন্নয়নমূলক উদ্যোগের ঘোষণা দিয়ে বগুড়ায় সফর শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সবচেয়ে আলোচিত অংশ ছিল আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভা, যেখানে রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে, যা এখনো অব্যাহত রয়েছে। তাঁর দাবি, সংসদের ভেতরে ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল। সাম্প্রতিক আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতি থেকে দেশ নতুন পথে এগিয়ে যাচ্ছে।

সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হয়েছে, কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে, ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী ভাতা চালু হয়েছে এবং দেশজুড়ে খাল খনন কর্মসূচি চলছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থান বাড়াতে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ৩১ দফা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ, তবে কিছু রাজনৈতিক দল এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

বগুড়ার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও দেন তিনি। এর মধ্যে রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেললাইন নির্মাণ, বগুড়া বিমানবন্দরে কার্গো সুবিধা চালু এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ।

এর আগে সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছালে শহরের প্রবেশমুখ থেকে সাতমাথা পর্যন্ত রাস্তার দুই পাশে বিপুল মানুষের উপস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়।

সফরের শুরুতে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করেন এবং সাত জেলায় ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিয়ে নতুন নামফলক উন্মোচন করেন, যার ফলে বগুড়া দেশের ১৩তম সিটি কর্পোরেশনে পরিণত হয়।

দিনের আরও কর্মসূচির মধ্যে ছিল গাবতলীর বাগবাড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু। পাশাপাশি নশিপুরে চৌকিদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়, যা কৃষি ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দিনের শেষভাগে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

পুরো দিনজুড়ে বগুড়া শহর ছিল উৎসবমুখর পরিবেশে মুখরিত— ব্যানার, ফেস্টুন আর জনসমাগমে শহরজুড়ে তৈরি হয় এক উৎসবের আবহ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন