ফরিদপুরে চাঁদা দাবিতে কৃষকদল নেতার ওপর হামলা, হোটেলে ভাঙচুর
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরে চাঁদা না দেওয়ায় আমিন শরীফ (৫৫) নামে এক কৃষকদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার মালিকানাধীন আবাসিক হোটেলেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকায় অবস্থিত ‘সিটি গার্ডেন’ আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আমিন শরীফ ফরিদপুর মহানগর কৃষকদলের সহ-সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন ব্যক্তি হোটেলের দ্বিতীয় তলার কাউন্টারে প্রবেশ করে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে, এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
পরবর্তীতে হামলাকারীরা তাকে জোরপূর্বক হোটেলের ছাদে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই মারাত্মকভাবে আহত হয়। হামলার সময় দুর্বৃত্তরা তার পকেট থেকে ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয়।
ঘটনার পর আহত আমিন শরীফকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শহরের আলিপুর পাকিস্তানপাড়া এলাকার তমাল (৩০) ও মাহমুদ (৩৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন বলেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। দ্রুত জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৯ বার পড়া হয়েছে