জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ২:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন।
এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, “জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্ট জামালপুরের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে—এটা আমাদের জন্য গর্বের। এই টুর্নামেন্টের মাধ্যমে মহিলা ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং অনেক নারী ক্রিকেটার তৈরি হবে। বর্তমান সরকার খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তৃণমূলকে সমৃদ্ধ করে আগামী দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও অনেক দূর এগিয়ে যাবে।”
পরে তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।
আগামীকাল ২১ এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং ১ মে তা শেষ হবে। এতে সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন এবং সাউথ জোন মহিলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
১০৫ বার পড়া হয়েছে