সর্বশেষ

স্বাস্থ্য

ফরিদপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে অভিযান: প্রভাতী হাসপাতালে জরিমানা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে গলায় টিউমার অপারেশনের পর ১৫ বছর বয়সী কিশোরী মিমের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে প্রভাতী (প্রাঃ) হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে হাসপাতালটির নানা অনিয়ম ধরা পড়ায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান ও ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরী এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালের প্যাথলজি বিভাগে বিভিন্ন অনিয়ম, অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং রক্তের দাগ পাওয়া গেছে। এছাড়া হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ২০২৩-২৪ সালে শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এসব কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা এবং আংশিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম জানান, জনস্বার্থে প্যাথলজি বিভাগ সিলগালা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওটির কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, প্রভাতী হাসপাতালে গলার টিউমার অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় মিমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, অপারেশনের সময় গুরুত্বপূর্ণ রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগেও ২০২৫ সালে অনিয়মের অভিযোগে একই হাসপাতালটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাময়িকভাবে সিলগালা করা হয়েছিল। সাম্প্রতিক এ ঘটনার পর প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন