জৈন্তাপুরে হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ, যা সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। তিনি জানান, জৈন্তাপুর উপজেলায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭ হাজারের বেশি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি স্থায়ী কেন্দ্রসহ মোট ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। টিকা নেওয়ার পর সামান্য জ্বর বা শারীরিক প্রতিক্রিয়া স্বাভাবিক বিষয় উল্লেখ করে তিনি এ নিয়ে কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এবং জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে