মাজারে হামলা ও পীর হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মোমিন মেহেদীর
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লুটপাটের পর পীর হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র ও তাদের সমর্থকগোষ্ঠী।
তিনি বলেন, এরা বাংলাদেশবিরোধী, ধর্মবিরোধী এবং মানবতাবিরোধী। এদেরকে বিএনপি সরকার আইনের আওতায় এনে বিচার না করলে সারাদেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মাজার-খানকায় হামলার প্রতিবাদ এবং কুষ্টিয়ার পীর শামীম জাহাঙ্গীরসহ সকল হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোমিন মেহেদী আরও বলেন, পীর-আউলিয়ার বাংলাদেশে এখন ধর্মবিরোধীরা ধর্মের লেবাসধারী হয়ে বসে আছে। যারা দেশপ্রেমকে ঈমানের অংশ হিসেবে বিশ্বাস করে না, তারাই ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং ২০২৪ সালে এসে একাত্তরের বিরুদ্ধে একটি আন্দোলন দাঁড় করিয়ে তার নাম দিয়েছে ‘৩৬ জুলাই’। তাদের বক্তব্য, ‘যেখানে জুলাই, সেখানে একাত্তরের দরকার নাই’। এরাই পীরদের হত্যা করছে, মাজারে লুটপাট চালাচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে এবং এমনকি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ধর্ম ও মানবতাবিরোধীদের বিচার না করে, তাহলে ‘তৌহিদী জনতা’র আড়ালে থাকা ধর্ম, মানবতা, শিক্ষা ও সভ্যতাবিরোধীদের প্রতিহত করবে দেশের ধর্মপ্রাণ মানুষ।
বাংলাদেশ তরিকত এ ইসলামের চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ গোলাম মঈনুদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন মুফতি আল্লামা আসাদুজ্জামান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সুফি আব্দুর রহমান খান, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি আইনুদ্দীন, আল্লামা সুলতান শাহ নক্সবন্দী, জাকির সওদাগর ও আবুল কালাম প্রমুখ।
১৩০ বার পড়া হয়েছে