দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় জড়িত অভিযোগে ভালুকা বিএনপি নেতা-পুত্র বহিষ্কার
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির এক নেতা ও তার ছেলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকা মিয়া এবং তার ছেলে বিএনপি কর্মী ও সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রানা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, পারস্পরিক সংঘর্ষ ও রক্তপাতের মতো গুরুতর ঘটনায় তাদের জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত রোববার (১২ এপ্রিল) দুপুরে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ছেলের ছোড়া গুলিতে বাবা খোকা মিয়া আহত হন। সংঘর্ষে খোকা মিয়ার পক্ষের ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) এবং অপর পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন বলেও জানা গেছে।
বিষয়টি সম্পর্কে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ বলেন, তিনি এখনও এ বিষয়ে অবগত নন, খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।
১২১ বার পড়া হয়েছে