তীব্র গরমের হজ মৌসুমে সৌদি আরবে ব্যাপক সতর্কতা
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
এবারের হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন বিশ্বের নানা দেশের অন্তত ১৫ লাখ মুসল্লি। গরমের তীব্রতা মাথায় রেখে এবারের হজ আয়োজন ঘিরে দেশটির সরকার নিয়েছে নজিরবিহীন প্রস্তুতি।
বিশেষ করে হিটস্ট্রোক প্রতিরোধে নেওয়া হয়েছে বাড়তি পদক্ষেপ।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, হজ ব্যবস্থাপনায় কাজ করছে ৪০টিরও বেশি সরকারি সংস্থা এবং প্রায় আড়াই লাখ কর্মকর্তা-কর্মচারী। মক্কা, মদিনা ও আরাফাতসহ হজের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে ৪০০-এর বেশি কুলিং ইউনিট। পাশাপাশি হাজিদের বিশ্রামের সুবিধার্থে ছায়াযুক্ত এলাকা বাড়িয়ে নেওয়া হয়েছে ৫০ হাজার বর্গমিটারে।
সৌদি আবহাওয়া দপ্তর জানায়, ২ জুন সোমবার দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ইতোমধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন অন্তত ৪৪ জন, যা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তীব্র গরমের মধ্যেও হজযাত্রীদের মধ্যে দেখা গেছে গভীর আবেগ ও আনন্দ। ফিলিপাইন থেকে আসা আবদুল মাজিদ বলেন, "এখানে এসে আমি খুবই শান্তি অনুভব করছি। এটা আল্লাহর অশেষ করুণা।"
নাইজেরিয়ার আবদুল হামিদ বলেন, "গরম বেশ কঠিন, কিন্তু সৌদি সরকার অনেক সুবিধা দিয়েছে। খুবই কৃতজ্ঞ।"
সেনেগালের মারিয়ামা বলেন, "সারাজীবনের স্বপ্ন ছিল হজে আসা, অবশেষে তা পূর্ণ হয়েছে।"
৪৮০ বার পড়া হয়েছে