মমতাকে উদ্দেশ্য করে এ কি বললেন মিঠুন চক্রবর্তী!
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ৯:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পশ্চিমবঙ্গের ওয়াকফ আইন নিয়ে চলমান বিতর্কের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।
মিঠুন চক্রবর্তী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন।" তিনি প্রশ্ন তোলেন, "বাংলায় কেন্দ্রীয়ভাবে পাস হওয়া ওয়াকফ আইন কার্যকর করতে না দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছেন? তিনি কি সংবিধানের ঊর্ধ্বে?"
মিঠুন আরও অভিযোগ করেন, রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, এবং বিজেপিকে এই ধরনের ঘটনায় দোষী না করার আহ্বান জানান। তার দাবি, "বাঙালি হিন্দুরা আজ গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন। তাদের দোষ কী?"
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনার পেছনে বিএসএফ, কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপির যোগসাজশ রয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশে বিএসএফ সহযোগিতা করেছে।
এই প্রসঙ্গে মিঠুন বলেন, “মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বিভ্রান্তিকর। তিনি ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন। সংবিধান অনুযায়ী ভারতের সংসদে গৃহীত কোনো আইন অমান্য করার অধিকার কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই।”
ওয়াকফ আইন সংক্রান্ত এই বিতর্ক ঘিরে রাজ্য-রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
৩৩৮ বার পড়া হয়েছে