২০২৭ সালের এপ্রিলে ঢাকায় আসতে পারেন শাকিরা
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের পর এবার ঢাকায় কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরাকে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজক নাঈম আশরাফ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে হতে পারে শাকিরার কনসার্ট। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
তিনি জানান, ২০২৭ সালের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে ওই সময় ঢাকার মঞ্চে দেখা যেতে পারে বিশ্বসংগীতের পরিচিত এই তারকাকে।
‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আরও বেশি জনপ্রিয়তা এনে দেয়। গানটি এখনো শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শাকিরা। ঢাকায় তাঁর কনসার্ট আয়োজন করা সম্ভব হলে তা দেশের বিনোদন অঙ্গনে বড় আন্তর্জাতিক আয়োজনগুলোর একটি হতে পারে।
তবে শাকিরার বাংলাদেশ সফর কিংবা ঢাকার কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে এখনো তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আয়োজকদের পক্ষ থেকেও কনসার্টের সময়সূচি, টিকিট বা অন্যান্য আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ফলে আপাতত শাকিরাকে ঢাকায় আনার বিষয়টি আয়োজকদের পরিকল্পনার মধ্যেই রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে