সর্বশেষ

জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এই সংলাপের প্রথম দিনে রোববার (২৯ নভেম্বর) ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথম পর্বের এই সংলাপ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও দলগুলো পরবর্তী সময়ে সংলাপে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান ইসির জনসংযোগ পরিচালক।

তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ওই দিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে ডাকেনি ইসি।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০