'গোপালগঞ্জে এলে অপকর্মের দ্বিগুণ জবাব দেয়া হবে'
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক। ঢাকায় বসে নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেছেন, গোপালগঞ্জে এলে তাঁকে দ্বিগুণ জবাব দেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গণমাধ্যমের সামনে দেওয়া বক্তব্যে রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ করে এসব কথা বলেন শামছুল হক।
তিনি বলেন, ‘ঢাকায় বসে যুবদলের নয়ন যে অপকর্ম করছেন, গোপালগঞ্জে এলে তার চেয়ে দ্বিগুণভাবে জবাব দেওয়া হবে। আপনার যদি সেই সক্ষমতা ও সৎসাহস থাকে, তাহলে আপনি গোপালগঞ্জে আসেন।’
শামছুল হক আরও বলেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার মানুষ কী করতে পারে, তা সেখানে গেলে নয়ন বুঝতে পারবেন। তবে তাঁর দাবি, বাস্তবে গোপালগঞ্জে আসার মতো সক্ষমতা নেই ওই যুবদল নেতার।
এ সময় পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদারকেও উদ্দেশ করে বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি বলেন, আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন বলে তাঁরা শুনেছেন।
তাঁদের উদ্দেশে শামছুল হক বলেন, তাঁরা যেন টুঙ্গিপাড়ায় আসেন। টুঙ্গিপাড়ার মানুষ শান্তিপ্রিয় এবং অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, টুঙ্গিপাড়ার মানুষ কীভাবে অতিথি আপ্যায়ন করতে জানে, তা তাঁরা সারা জীবন মনে রাখবেন।
বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশেও বক্তব্য দেন শামছুল হক। তিনি দাবি করেন, এলাকায় বর্তমানে কোনো উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা মস্তানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১৩৪ বার পড়া হয়েছে