কালিয়ায় ভিডব্লিউবি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৭-২০২৯ চক্রের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কর্মসূচির আবেদন, বাস্তবায়ন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। এ সময় তিনি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিডব্লিউবি কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মসূচির কার্যক্রম পরিচালনা, উপকারভোগী নির্বাচন, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ শিহাব উদ্দিন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
সভায় ২০২৭-২০২৯ চক্রের ভিডব্লিউবি কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, ভিডব্লিউবি কর্মসূচির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী নারীরা ভিডব্লিউবি কর্মসূচির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
১২৫ বার পড়া হয়েছে