তৃতীয় সংসারেও বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যান্সির
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
তৃতীয় সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার কথা বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন তিনি। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছু জানাননি এই গায়িকা।
বুধবার রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে পথচলার পর তাঁরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত পরিসর ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানান তিনি। জীবনের নতুন অধ্যায়কে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন এই সংগীতশিল্পী।
ন্যান্সির ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিবাহবিচ্ছেদের ঘটনা। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ওই সংসারে রোদেলা নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে তাঁদের সংসারেরও সমাপ্তি ঘটে। এই সংসারে নায়লা নামে তাঁদের আরেকটি কন্যাসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসার ভাঙার পর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এবার সেই সংসার থেকেও আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জনপ্রিয় এই গায়িকা।
১২০ বার পড়া হয়েছে