খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় খোকন সরদার (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কুদ্দুস সরদার নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরার বালিরগাদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই উপজেলার তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা পেশায় গরু ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খোকন সরদার ও আব্দুল কুদ্দুস সরদার মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁরা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনার দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। পরে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খোকন সরদার। গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস সরদার। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১১৯ বার পড়া হয়েছে