সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার, চারজন কিশোর

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন কিশোর রয়েছে। এদিকে গ্রেপ্তারের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুয়াকাটার যুবলীগ নেতা সাদ্দাম সিকদার (৩২), লতাচাপলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াজ (৫০), ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) এবং যুবলীগ নেতা মজিবর হাওলাদার (৫২)। এ ছাড়া গ্রেপ্তার চার কিশোর হলো তানভীর (১৭), মেশকাত (১৭), আরাফাত (১৬) ও সানাউল (১৭)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা রাসেল আহমেদ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাত আটটার দিকে মহিপুর থানার ইউসুফপুর এলাকায় মশাল জ্বালিয়ে মিছিল করছিলেন। এ সময় মশালসহ তাঁদের হাতেনাতে আটক করা হয়। অন্যরা নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার কলাপাড়া আদালতে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার রাতে মহিপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারীর বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মহিবুল্লাহ পাটোয়ারীর দাবি, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁর স্ত্রী ও বোনকে লাঞ্ছিত করা হয়।

এ ছাড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলামের ভাইয়ের ব্যবসাপ্রতিষ্ঠান এবং মহিপুরে একটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে কলাপাড়া পৌর শহরে সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মুহিববুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এবং আওয়ামী লীগ নেতা সালাম সরদারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

তবে এসব হামলা ও ভাঙচুরের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের প্রতিবাদে কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০