সর্বশেষ

অর্থনীতি

জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ে চাপে সরকারের কোষাগার: অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি ও গ্যাস আমদানিতে বাড়তি ব্যয়ের কারণে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজার থেকে আগের তুলনায় দ্বিগুণ ও তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার এই সময়ে আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। তবে সরকারের প্রধান লক্ষ্য অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও দামের ওপর পড়ছে। এর ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত। তবে দেশের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি জানান, কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। তবে এই হারেও সরকার সন্তুষ্ট নয়। খাদ্য মূল্যস্ফীতি আরও কমাতে হবে।

অর্থমন্ত্রী বলেন, জনগণের সামনে অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো সূচক প্রত্যাশার চেয়ে কম থাকলে তা স্বীকার করে এর কারণ এবং পরিস্থিতি উন্নয়নে সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করা প্রয়োজন। ভুল পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করলে সরকারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া সরকারের নেওয়া নীতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোনো উদ্যোগ অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না।

ব্যাংক খাতের সংকট নিয়ে আমির খসরু বলেন, এ খাতে বিপুল পরিমাণ দায় তৈরি হয়েছে। এ সংকট রাতারাতি বা কয়েক মাসের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করতে হবে। সরকারের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকে জমা রাখা অর্থ সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং আমানতের ওপর কোনো ধরনের কর্তন করা হবে না। আমানতকারীদের আশ্বস্ত করার পর ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে, যা ইতিবাচক।

পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, অতীতে পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল। বাজার সংস্কারের অংশ হিসেবে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরছেন এবং সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারে এখনো পর্যাপ্ত গভীরতা তৈরি হয়নি। ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মাধ্যমে বাজারের গভীরতা বাড়াতে হবে।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

সরকারি বিনিয়োগ ও প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের ওপর প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প শেষ হওয়ার পর কী অর্জিত হয়েছে এবং বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুফল পাওয়া গেছে কি না, তা মূল্যায়নে পৃথক ব্যবস্থা চালু করা হবে।

এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সরকারের প্রথম বছরটি কঠিন। তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর পাশাপাশি সুনির্দিষ্ট ও দৃশ্যমান ফল দেখাতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তাদের প্রচলিত আমলাতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে এসে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০