আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ, রাখা হয়েছে ভেন্টিলেটরে
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে হাসপাতালে থাকা এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বর্তমানে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন।
মামুনুর রশীদের ছোট বোন গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি আইসিইউতে ভর্তি আছেন। তিন দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
এ বিষয়ে আরণ্যক নাট্যদলের সদস্য ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘মামুনুর রশীদ ভাইকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’
এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ১৯৭২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের মাধ্যমে প্রথম নির্দেশনা দেন তিনি। আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতাও তিনি।
নাট্যকার হিসেবে তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘জয়জয়ন্তী’, ‘ইবলিশ’, ‘লেবেদেফ’, ‘ময়ূর সিংহাসন’, ‘পশ্চিমের সিঁড়ি’, ‘ওরা কদম আলী’, ‘রাঢাড়’ ও ‘সংক্রান্তি’।
তাঁর লেখা নাটক বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ‘মানুষ’ নাটকটি জার্মানিসহ বিভিন্ন দেশে মঞ্চস্থ হয়েছে। সর্বশেষ ‘অমানুষ’ নাটকটি যুক্তরাষ্ট্রে মঞ্চায়িত হয়েছে। এতে অভিনয় করেছেন তমালিকা কর্মকার।
মঞ্চনাটকের পাশাপাশি টেলিভিশনের জন্যও অসংখ্য নাটক লিখেছেন মামুনুর রশীদ। তাঁর লেখা বিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘ইতিকথা’ দর্শকমহলে সাড়া ফেলেছিল। এ ছাড়া ‘সুন্দরী’, ‘দানব’ ও ‘শিল্পী’ তাঁর লেখা উল্লেখযোগ্য ধারাবাহিক।
চলতি বছর তাঁর লেখা ‘ওরা কদম আলী’ নাটকটির মঞ্চায়নের ৫০ বছর পূর্ণ হবে।
১৩২ বার পড়া হয়েছে