পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চায়: রিজভী
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানা উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।
রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুললেও অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের দমনের প্রধান দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
বিএনপির এই নেতা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
১৩৯ বার পড়া হয়েছে