রাঙ্গামাটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শহরের কাঠালতলী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরুপা এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, রাঙ্গামাটি পৌর যুবদলের সদস্যসচিব কামাল উদ্দিন এবং রাঙ্গামাটি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় যুবদল সব সময় রাজপথে সোচ্চার থাকবে। আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
তাঁরা আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল কর্মসূচির মাধ্যমেই প্রতিবাদ অব্যাহত রাখা হবে। দেশ ও জনগণের স্বার্থে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে রাঙ্গামাটি জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে