ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রিজভী
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার এবং সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশে শ্রমিকদের নতুন মজুরি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলন নিরসনে নজরুল ইসলাম খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে।
নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেড অনুযায়ী সর্বোচ্চ মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেতন বেড়েছে। তাঁর দাবি, নতুন এই মজুরি কাঠামো ভারত ও পাকিস্তানের তুলনায়ও বেশি।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রিজভী। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা জানান তিনি।
এদিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি সীমান্তের ওপার থেকে বিভিন্ন পক্ষকে ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার আর ফিরে আসার সুযোগ হবে না।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের বিষয়ে ছড়ানো কথাবার্তার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দেশের জনগণের ওপর কোনো শক্তি আগ্রাসন চালিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না।
১৩৫ বার পড়া হয়েছে