সর্বশেষ

জাতীয়

ইউপি নির্বাচন সামনে রেখে আজ থেকে ইসির সংলাপ শুরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আজ রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের প্রস্তুতি, বিধিবিধান, আচরণবিধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলগুলোর মতামত নেবে কমিশন।

ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে এ সংলাপ। তবে সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলোর তালিকায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক চারটি দলকে রাখা হয়নি।

দল চারটি হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দল। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ১৪-দলীয় জোটের আরেক শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আমন্ত্রণ পেয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপেও এই চারটি দল আমন্ত্রণ পায়নি। একইভাবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকেও তখন সংলাপে ডাকা হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এসব বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে এবারের সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়েছিল ৫১টি নিবন্ধিত দল। পরে নতুন করে চারটি দলের নিবন্ধন পাওয়ায় এবারের সংলাপে আমন্ত্রিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টিতে।

কোন দিন কোন দল সংলাপে অংশ নেবে

রোববার প্রথম দিনের সংলাপে অংশ নেবে ১৮টি রাজনৈতিক দল। এগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

দ্বিতীয় দিন সোমবার সংলাপে অংশ নেবে ১৯টি দল। দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।

মঙ্গলবার শেষ দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছে ১৮টি দল। এগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সম-অধিকার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এর আগে গত ১২ অক্টোবর নির্বাচন কমিশনের ১৪তম কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি। তবে পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০