সর্বশেষ

জাতীয়

কৃষিকে বাজারমুখী করতে বড় প্রকল্প নিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের কৃষি খাতকে উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে সংযোগ তৈরি, কৃষিসেবা ডিজিটালাইজেশন এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিপণ্যের নিরাপত্তা ও উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করা হবে এ প্রকল্পের মাধ্যমে।

‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করছে সরকার। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে। তবে প্রকল্পের চূড়ান্ত আকার, অর্থায়ন এবং ব্যয়ের খাত এখনো নির্ধারিত হয়নি।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারত্ব গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে কৃষকদের জন্য সরকারি সেবা সহজলভ্য করা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের সামগ্রিক কৃষি খাতে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ অন্তর্ভুক্ত। এসব খাতের সম্মিলিত অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা নির্বাহেও কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি কৃষিপণ্যের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ জানিয়েছেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত এবং সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে এ বিষয়ে একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। আগের কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদান চূড়ান্ত করা হবে। এ জন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।

প্রথম উপাদানটির নাম ‘উৎপাদনশীল অংশীদারত্ব’। এ খাতে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করে উৎপাদন ও বিপণনব্যবস্থা উন্নত করা হবে।

দ্বিতীয় উপাদানে কৃষি খাতে সরকারি সহায়তা ও সেবা আরও কার্যকর করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কৃষিসেবা এবং সহায়তা কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

তৃতীয় উপাদানে কৃষিপণ্যের উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রস্তাবিত ব্যয় ৩ কোটি মার্কিন ডলার।

চতুর্থ উপাদানের আওতায় প্রকল্প ব্যবস্থাপনা, বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ খাতে ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট অংশীজনদের মতে, উৎপাদনশীল অংশীদারত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন, বাজারসংযোগ এবং বিপণনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০