‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেব’, হুঁশিয়ারি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা। তাঁরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্জুন সিং এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব—অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব; এ নিয়ে কোনো সন্দেহ নেই।’
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে অর্জুন সিংয়ের এ বক্তব্য সামনে আসে। তবে তাঁর বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। তবে সেখানকার নেতাদের প্রতি তাঁর আহ্বান, তাঁরা যেন নিজেদের মধ্যে বিরোধে না জড়িয়ে সাধারণ মানুষের ভবিষ্যৎ এবং নতুন বিনিয়োগের বিষয়ে গুরুত্ব দেন।
বাংলাদেশের পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে উত্তেজনা ও সমস্যা বাড়লে তার প্রভাব এ রাজ্যেও আসবে। প্রতিবেশী দেশের পরিস্থিতিতে তাঁরা ব্যথিত হন এবং এর প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়ে। বাংলাদেশে কবে শান্তি ফিরে আসবে, তাঁরা সেই অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বক্তব্য দেবে। শেখ হাসিনা বা বাংলাদেশ নিয়ে তাঁর আলাদা করে কিছু বলার নেই। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি।
একই ধরনের অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর ভাষ্য, বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্ব বক্তব্য দেবেন।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা চলার মধ্যে অর্জুন সিংয়ের হুঁশিয়ারি এবং অন্য রাজ্য নেতাদের সতর্ক ও ভিন্নধর্মী প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে