দৌলতদিয়ায় সাড়ে ১৮ কেজির কাতলা বিক্রি ৪৮ হাজার টাকায়
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর সাড়ে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার সকালে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। এর আগে মাছটি ৪৬ হাজার ২৫০ টাকায় নিলামে কিনেছিলেন তিনি।
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি কাতলা মাছ। এর মধ্যে সাড়ে ১৮ কেজি ওজনের একটি মাছ বিক্রি হয়েছে ৪৮ হাজার ১০০ টাকায়। একই দিন সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ ৩২ হাজার ৫৫০ টাকায় নিলামে বিক্রি হলেও সেটি এখনো কোনো ক্রেতার কাছে বিক্রি করা হয়নি।
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে গোয়ালন্দের জেলে জামাল কাজী, তাঁর ছেলে আরিফ কাজীসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ ধরতে যান। তাঁরা দৌলতদিয়া ফেরিঘাটের উজানে নদীতে জাল ফেলেন। পরে জাল তুলে নৌকায় নেওয়ার সময় বড় আকারের কাতলা মাছটি দেখতে পান।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে যান জেলেরা। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন সাড়ে ১৮ কেজি। এরপর নিলামে মাছটি ৪৬ হাজার ২৫০ টাকায় কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, একই দিন বাজারের জাহিদ মোল্লার আড়তে সাড়ে ১৫ কেজি ওজনের আরেকটি কাতলা মাছ নিলামে ওঠে। সেটিও তিনি কিনে নেন। পরে বেশি ওজনের মাছটি ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। অন্য মাছটি এখনো তাঁর কাছে রয়েছে।
১২৮ বার পড়া হয়েছে